বর্ষার দিনে জানলার কাচে টুপটাপ বৃষ্টির শব্দ, হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা আর সঙ্গে গরমাগরম মুখরোচক স্ন্যাকস— এমন মুহূর্তই যেন বর্ষার আসল আনন্দ। তবে প্রতিবার পেঁয়াজি, বেগুনি বা আলুর চপ খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই এ বার একটু নতুন স্বাদ আনতে ভুট্টা বা কর্ন দিয়ে তৈরি করুন তিন ধরনের সুস্বাদু স্ন্যাকস। অল্প উপকরণে সহজেই তৈরি হবে এই পদগুলি, আর স্বাদে মন ভরবে ছোট থেকে বড় সবার।

 

বেবি কর্ন পকোড়া

 

মুচমুচে স্ন্যাকস পছন্দ হলে বেবি কর্ন পকোড়া হতে পারে আদর্শ পছন্দ। প্রথমে বেবি কর্ন ভালো করে ধুয়ে হালকা নুন দেওয়া জলে কয়েক মিনিট সেদ্ধ বা ভাপিয়ে নিন। ঠান্ডা হলে লম্বালম্বি চিরে রাখুন। অন্য একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, সামান্য নুন ও প্রয়োজনমতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার বেবি কর্ন ব্যাটারে ডুবিয়ে চাইলে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। মায়োনিজ, চিজ ডিপ বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

 

সুইট কর্ন পকোড়া

 

সুইট কর্নের মিষ্টি স্বাদ এই পকোড়াকে অন্য মাত্রা দেয়। প্রথমে কর্নের দানাগুলি হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে কর্নের সঙ্গে বেসন, সামান্য কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, নুন এবং অল্প তেল মিশিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি থেকে ছোট ছোট অংশ তুলে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। টমেটো সস কিংবা ঝাল চিলি সসের সঙ্গে এই পকোড়া দারুণ জমে।

 

কর্ন কাবাব

 

তেলেভাজা এড়াতে চাইলে কর্ন কাবাব হতে পারে স্বাস্থ্যকর বিকল্প। ভুট্টা সেদ্ধ করে দানা আলাদা করে নিন। এরপর তার সঙ্গে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা, চিলি ফ্লেক্স, বেসন এবং স্বাদমতো নুন মিশিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণ থেকে গোল বা চ্যাপ্টা কাবাবের আকার তৈরি করুন। ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিলেই তৈরি সুস্বাদু কর্ন কাবাব। চাইলে পুদিনার চাটনি বা দইয়ের ডিপের সঙ্গে পরিবেশন করতে পারেন।

 

বর্ষার বিকেলে নতুন কিছু খেতে চাইলে এই তিনটি কর্ন স্ন্যাকস সহজেই বানিয়ে নিতে পারেন। স্বাদ, গন্ধ আর মুচমুচে টেক্সচারের জন্য এগুলি চায়ের সঙ্গে যেমন মানানসই, তেমনই অতিথি আপ্যায়ন বা পরিবারের সন্ধ্যার আড্ডাতেও হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্র।

আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন গন প্রন কারি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *