ভূতচতুর্দশীর সন্ধ্যাটা যদি হয় রবিবারে, আর পরের দিন কালীপুজো—তাহলে সন্ধ্যাকালীন আড্ডার আমেজই আলাদা! গল্পে-ভরপুর সেই আসরে ভূতের প্রসঙ্গ উঠতেই পারে, কিন্তু খালি মুখে কি গল্প জমে? তাই এ সন্ধ্যায় চাই কিছু মুখরোচক খাবার, আর তার মধ্যে চিংড়ির কাটলেটের জুড়ি মেলা ভার! চলুন দেখে নেওয়া যাক, কীভাবে সহজে ঘরেই বানাবেন এই মুচমুচে পদটি।

 

উপকরণ

 

বাগদা চিংড়ি, লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ডিম, ব্রেড ক্রাম্বস এবং সর্ষের তেল।

 

প্রণালী

 

১️⃣ প্রথমে চিংড়িগুলো ভালো করে ধুয়ে মাথা ছাড়িয়ে নিন। পিঠের দিকের ময়লা সরিয়ে মাঝ বরাবর কেটে দিন, যাতে ‘বাটারফ্লাই শেপ’ হয়। ল্যাজের দিক অল্প খোসাসহ রাখুন।

২️⃣ এবার চিংড়িতে লেবুর রস, নুন ও গোলমরিচ গুঁড়ো মেখে আধঘণ্টা ম্যারিনেট করুন।

৩️⃣ এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা সামান্য জলে বেটে নিন। এই পেস্টটি চিংড়িতে মাখিয়ে আরও ১৫ মিনিট রেখে দিন।

৪️⃣ এরপর একে একে ব্রেড ক্রাম্বসে কোট করুন, তারপর ফেটানো ডিমে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট দিন। এবার ইচ্ছেমতো কাটলেটের আকার দিন।

৫️⃣ কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডুবো তেলে কাটলেটগুলো দিন। আঁচ মাঝারি রেখে দুই পিঠ সোনালি করে ভেজে নিন।

৬️⃣ মুচমুচে ভাজা হয়ে গেলে কাগজে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম চিংড়ির কাটলেট পরিবেশন করুন কাসুন্দি, টমেটো সস বা পছন্দমতো স্যালাডের সঙ্গে। ভূতচতুর্দশীর আড্ডায় এই পদে জমে উঠবে আলাপ, হাসি আর গল্পের রেশ!

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন মাংসের পোলাও

Image source-Google

By Torsha