ভারতীয় পর্বতারোহণের মানচিত্রে গত এক মাসে উল্কার গতিতে উত্থান বালজিৎ কৌরের (Baljit Kaur)। মাত্র ৩০ দিনে এভারেস্ট-সহ নেপালের পাঁচটি আটহাজারি শৃঙ্গ ছুঁয়ে প্রথম ভারতীয় হিসাবে রেকর্ড গড়লেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসাবে সবচেয়ে বেশি আটহাজারি শৃঙ্গজয়ের (মোট ৬টি) কৃতিত্বও তাঁর দখলে।

সুত্রের খবর, হিমাচলের সোলান জেলার ছোট্ট পঞ্জোরা গ্রামের মেয়ে, বছর সাতাশের বলজিৎ কৌর (Baljit Kaur) অবশ্য বলছেন, ‘‘পাহাড়কে বুঝতে আর ভালবাসতে চেয়েই পরপর শৃঙ্গ চড়েছি, নিজের ক্ষমতা যাচাই করতে চেয়েছি। রেকর্ডের কথা মাথায় ছিল না। পর্বতারোহণ নিয়ে অনেকেই ভাবেন, ওটা মেয়েদের জন্য নয়। কারণ মেয়েদের শারীরিক গঠন আলাদা। তাঁদের বলব, পিরিয়ড আমাদের শক্তি, দুর্বলতা নয়। পিরিয়ড আর পেটে-কোমরে প্রবল ক্র্যাম্পের কষ্ট সয়েই কিন্তু মাকালু সামিট করেছি। গত বছর পুমোরি অভিযানে অনেকে বলেছিলেন, এই শৃঙ্গ মেয়েদের জন্য নয়। তাঁদের জবাব দিইনি, কাজে করে দেখিয়েছি’’।

আরও পড়ুন: Rafael Nadal: ফরাসি ওপেনে ফের চ্যাম্পিয়ন নাদাল

কৌর (Baljit Kaur) ২০১৬ সালে প্রথম এভারেস্ট অভিযানে যান। সেখানে অক্সিজেন মাস্ক খারাপ হয়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে ফিরতে হয় তাঁকে। এবিষয়ে তিনি বলেছেন, ‘‘তখন খুব রাগ হয়েছিল। এখন মনে হয়, ভালই হয়েছিল। জীবনে ব্যর্থতারও প্রয়োজন আছে, তাতে ভিতরের শক্তি কতটা তা চেনা যায়।’’