নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দেশজুড়ে চলতে থাকা আন্দোলনের আবহে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, দিল্লির যন্তর মন্তরে কোনও বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ না নেওয়াই উচিত। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক্স (X)-এ প্রকাশিত বিবৃতিতে দিল্লি বিশ্ববিদ্যালয় জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যন্তর মন্তরে বিক্ষোভ ও সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। ফলে অনুমতি ছাড়া বা বেআইনি জমায়েতে অংশ নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, এমন পরিস্থিতিতে শিক্ষাজীবন যেমন ব্যাহত হতে পারে, তেমনই ভবিষ্যতের পেশাগত জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে বহু ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তাই কোনও তথ্য যাচাই না করে শেয়ার বা প্রচার না করার পরামর্শও দেওয়া হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের।
অন্যদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেও নিজেদের অবস্থান থেকে সরছে না ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা।
এদিকে, সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক সম্প্রতি ২৬ দিনের অনশন ভাঙলেও নিট আন্দোলনের আবহ এখনও থামেনি। আন্দোলনে ইতিমধ্যেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমর্থন মিলেছে। বিরোধী দলগুলিও সিজেপির সঙ্গে সুর মিলিয়ে প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছে।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি
Image source-Google